জনপ্রশাসনে ঘাপটি মেরে থাকা ‘ফ্যাসিবাদী’ কর্মকর্তাদের দ্রুত অপসারণ এবং বিগত সময়ে পদোন্নতি ও পদায়নে বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল এই দাবি জানায়।
সাক্ষাৎকালে বিএএসএ-র সহ-সভাপতি ও শিল্প সচিব মো. ওবায়দুল রহমান এবং মহাসচিব অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন কর্মকর্তা অংশ নেন। তারা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং অ্যান্ড ডেপুটেশন’ (এপিডি) উইংয়ে এখনো বিগত সরকারের আশীর্বাদপুষ্ট কর্মকর্তারা অবস্থান করছেন। প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে এই উইং থেকে তাদের দ্রুত সরিয়ে যোগ্যদের পদায়নের দাবি জানান নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে এখনও অনেক ‘ফ্যাসিবাদী’ কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাদের কারণে প্রশাসনিক কাজে স্থবিরতা ও অনাস্থা তৈরি হচ্ছে। এই কর্মকর্তাদের অপসারণ করে দীর্ঘ বছর বঞ্চিত থাকা কর্মকর্তাদের যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি (রিভিউ) এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে পদায়নের জন্য তারা জোর দাবি তোলেন।
বিএএসএ নেতৃবৃন্দ আরও একটি তাৎপর্যপূর্ণ দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের যে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে যেন কোনো ‘ফ্যাসিবাদী’ আমলা বা কর্মকর্তা যোগ দিতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই দিনে বিএএসএ-র এই অবস্থান প্রশাসনে বড় ধরণের রদবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-লামিয়া আক্তার









