নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সেদিন সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা শপথ নেবেন। একই দিন বিকেলে একই স্থানে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানের সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সকালবেলায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এমপিদের শপথ শেষে বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
সাধারণত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার ব্যতিক্রম ঘটছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে সংসদ ভবনের গুরুত্ব বিবেচনায় নিয়েই রাজনৈতিক সিদ্ধান্তে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, নির্ধারিত তারিখ সামনে রেখে সব ধরনের প্রশাসনিক ও আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় এবং এর মধ্যে ২৯৭ আসনের ফলাফলের গেজেট জারি করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় দুটি আসনের গেজেট স্থগিত রয়েছে।
নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। দলটি ২০৯টি আসনে জয়লাভ করেছে। তাদের শরিকরা পেয়েছে আরও তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
নতুন সরকার গঠন ও মন্ত্রিসভা শপথের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
_এজাজ আহম্মেদ/মামুন










