বগুড়ায় উদ্ধার করতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার ফাইটারের মৃত্যু

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে ট্রাক চাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। ঘটনা ঘটে শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে। একই রাতে আরও দুটি পৃথক দুর্ঘটনায় পাঁচজন আহত হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় তিনি একটি ট্রাক থামানোর চেষ্টা করেন। পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয় এবং ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামে এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় তিনযানের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত শুভ (২৮) আইসিইউতে চিকিৎসাধীন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোরতাজা নূর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

-শাহাদাত হোসেন, বগুড়া