ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ডিএনসিসির বিভিন্ন প্রকল্প ও ইজারা নিয়ে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তার বিরুদ্ধে উল্লেখযোগ্য যেসব অভিযোগের তদন্ত চলছে: মিরপুর গাবতলী পশুর হাট ইজারা প্রদানে ব্যাপক অনিয়ম। বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ এবং খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ। ই-রিকশা প্রকল্প, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস এবং ফুটপাতে দোকান বরাদ্দে ক্ষমতার অপব্যবহার।
দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মোহাম্মদ এজাজকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আদালতে দাখিলকৃত আবেদনে উল্লেখ করেন, “অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অনুসন্ধানের সুষ্ঠু স্বার্থে তার বিদেশ গমন রহিত করা জরুরি।”
উল্লেখ্য, গত বছর ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়োগ, বদলি বাণিজ্য ও ঠিকাদারি কাজে কমিশন গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়। গত ২৬ জানুয়ারি তাকে তলব করা হলেও তিনি সেই হাজিরা এড়িয়ে যান। আজকের আদালতের আদেশের ফলে তার বিদেশ যাওয়ার পথ আইনগতভাবে বন্ধ হয়ে গেল।