শীর্ষে উঠে শিরোপা লড়াইয়ে চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

লা লিগার শিরোপা লড়াইয়ে যোগ হয়েছে নতুন উত্তেজনা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদ-কে ৪–১ গোলে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। জোড়া পেনাল্টি থেকে গোল করে ম্যাচের নায়ক বনে যান ভিনিসিয়ুস জুনিয়র। কোচ আলভারো আরবেলোয়ার অধীনে টানা পঞ্চম জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাসে আছে লস ব্লাঙ্কোসরা। সোমবার বার্সেলোনার ম্যাচের আগে দুই পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান দখলে নিল রিয়াল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। পঞ্চম মিনিটে চোট কাটিয়ে ফেরা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন গনজালো গার্সিয়া। তবে ২১ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় সোসিয়েদাদ। ডিন হুইসেনের ফাউলে পাওয়া স্পট কিক কাজে লাগান মিকেল ওয়ারাজাবাল।

সমতা বেশিক্ষণ টেকেনি। চার মিনিট পর বক্সে জন আরামবোরোর ফাউলে পেনাল্টি আদায় করেন ভিনিসিয়ুস নিজেই এবং ঠাণ্ডা মাথায় শট নিয়ে দলকে আবারও এগিয়ে দেন। ৩১ মিনিটে ফেদে ভালভার্দের দূরপাল্লার দুর্দান্ত গোলে ব্যবধান দাঁড়ায় ৩–১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পেনাল্টি পায় রিয়াল। ৪৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪–১ করেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়।

চলতি মৌসুমে লা লিগায় এটি রিয়ালের ১৩তম পেনাল্টি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ। একই ম্যাচে দুই বা তার বেশি পেনাল্টি আদায় ও গোল করার বিরল কীর্তিতেও নাম লেখান ভিনিসিয়ুস। সর্বশেষ ২০১৫ সালে এমন নজির গড়েছিলেন নেইমার।

-এমইউএম