জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

রবিবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। নিহত তাইফ হাসান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের প্রয়াত তুহিন হোসেনের সন্তান।

সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওসি আনিছুর রহমান জানান, তাইফ হাসান শনিবার তার মায়ের সঙ্গে বাসে করে ঢাকা থেকে জয়পুরহাট শহরে আসে। পরে পানি পান করার কথা জানিয়ে সে নিখোঁজ হয়। রবিবার দুপুরে পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করে।

এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধের মাধ্যমে তাইফ হাসানকে হত্যা করা হয়েছে। তবে হত্যার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট/