বিশ্বকাপে প্রথম হারের পর ছুটিতে নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন

নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ–এ টানা জয় ধরে রাখার পর গতকাল আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। মার্কো জানসেন ও এইডেন মার্করাম–এর দুর্দান্ত পারফরম্যান্সে প্রোটিয়াদের কাছে হেরে যায় কিউইরা।

এরপরই নিউজিল্যান্ড শিবিরে আসে আরেক খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে পাওয়া যাবে না তারকা পেসার লকি ফার্গুসনকে।

আজ (রোববার) নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, ফার্গুসনের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হয়েছে। তিনি আজই দেশে ফিরছেন।

তিন ম্যাচে চার উইকেট নেওয়া এই পেসারকে শুভকামনা জানিয়েছেন দলের কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, “লকি ও এমার জন্য এটি দারুণ রোমাঞ্চকর সময়। আমরা খুশি যে এমন বিশেষ মুহূর্তে সে পরিবারের পাশে থাকতে পারবে।”

ফার্গুসনের বিকল্প নেওয়া প্রসঙ্গে ওয়াল্টার জানান, আপাতত স্কোয়াডে তার পরিবর্তে কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তবে সুপার এইট পর্বে তাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা বেন সিয়ার্স ও কোল ম্যাককঞ্চিকে দলে ডাকা হতে পারে।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার তারা কানাডার মুখোমুখি হবে।

-এমইউএম