আগামীকাল রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই হাইভোল্টেজ লড়াইকে ঘিরে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ নিরাপত্তার কোনো কমতি রাখছে না।
শনিবার দেশটির পুলিশ জানায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিশেষ ট্রাফিক ও সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পুলিশ মুখপাত্র এফ টি উটলার বলেন, ‘দুই দলের খেলোয়াড়দের জন্য বিমানবন্দর থেকে হোটেল এবং মাঠে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ম্যাচ শেষ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরিতার ইতিহাসকে মাথায় রেখেই সরকার এই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
ম্যাচ আয়োজন নিয়ে কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান প্রথমে বয়কট ঘোষণা করার পর আইসিসি, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করে ম্যাচ খেলার জন্য অনুরোধ জানান।
দর্শকদের জন্য পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হলেও মাঠে অন্তত চার ঘণ্টা আগে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। দুপুর ৩টা থেকেই স্টেডিয়ামের সব গেট খোলা থাকবে। বাড়তি নিরাপত্তার কারণে তল্লাশিতে সময় লাগতে পারে, তাই ভিড় এড়াতে দ্রুত আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এই ম্যাচটি চলতি টুর্নামেন্টে ভারতের জন্য প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
-সাইমুন










