এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয়ে শুরু বাংলাদেশের 

ছবিঃ সংগৃহীত

নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে নাটকীয় ব্যাটিং ধসের পরও ৪ রানের রোমাঞ্চকর জয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শনিবারের এই জয়ে গ্রুপ ‘বি’তে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের দল।

ব্যাংককে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিম ও শামীমা সুলতানা ৪৮ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। ১৯ বলে ১৭ রান করে শামীমা বিদায় নেন। ইশমা ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলে দলীয় ৫৬ রানে আউট হন। তাতে ছন্দ হারায় বাংলাদেশের ইনিংস। ২৭ বলে ২৯ রান করে শারমিন সুলতানা কিছুটা হাল ধরার চেষ্টা করেন। কিন্তু দলীয় ১০৪ রানে তার বিদায়ের পর ভয়াবহ ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। মাত্র ১১ রানে হারায় শেষ ছয় উইকেট। ১৯.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় তারা।

শ্রীলঙ্কা ‘এ’-এর হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন সাচিনি নিসানসালা। ১৪ রানে নেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে স্বল্প পুঁজি ডিফেন্ড করতে গিয়ে দারুণ বোলিং করেছে বাংলাদেশ ‘এ’। অধিনায়ক ফাহিমা খাতুন শুরুতেই শ্রীলঙ্কা অধিনায়ক অনুশকা সঞ্জীবানিকে ৬ রানে এলবিডাব্লিউ করে ফেরান। সানজিদা আক্তার মেঘলা ১৭ রানে ওপেনার সঞ্জনা কাভিন্দিকে বিদায় দেন। জান্নাতুল ফেরদৌস ২৬ রান করা হানসিমা করুণারত্নেকে আউট করে লঙ্কানদের ওপর চাপ অব্যাহত রাখেন।

অমা কাঞ্চানা (২৩) ও সাচিনি নিসানসালা (২০) প্রতিরোধের চেষ্টা করলেও শেষ দিকে ধীরগতির ব্যাটিং ও বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ে লক্ষ্য ছোঁয়া কঠিন হয়ে যায় শ্রীলঙ্কার জন্য। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থামে তারা। চার ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মেঘলা। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন শরিফা খাতুন ও জান্নাতুল ফেরদৌস।

-বেলাল