একদিকে বিয়ের এক বছর পূর্তি, অন্যদিকে ভালোবাসা দিবস। বিশেষ দিন উপলক্ষ একসঙ্গে ধরা দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে ঘিরে ভালোবাসা, কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ করেছেন অভিনেত্রী।
ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। স্থিরচিত্র পোস্ট করে মেহজাবীন ক্যাপশনে তার মনের কথা লিখেছেন।
মেহজাবীন লেখেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’
মেহজাবীনের পোস্ট করা স্থিরচিত্রে তিস ঘণ্টায় ১৫ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য করা হয়েছে প্রায় তিন’শ।
প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় মেহজাবীন প্রথমবারের মতো সবাইকে মুগ্ধ করেছিলেন। এরপর নাটকের জগতে তাঁর পদচারণ আলো ছড়াতে থাকে। এ সময়েই তাঁর পরিচয় হয় নির্মাতা ও প্রযোজক আদনানের সঙ্গে, যিনি ক্যামেরার পেছনে গল্পে প্রাণ দেন। কয়েক মুহূর্তের প্রথম দেখা একজন আরেকজনের হৃদয়ের কাছাকাছি নিয়ে আসে, যা বন্ধুত্বের ভিত্তি তৈরি করে।
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ভালোবাসা দিবসে মেহজাবীন ও আদনান বিয়ের সম্পর্কে জড়ান। ১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর আজ তারা একসঙ্গে। এরই মধ্যে বৈবাহিক জীবনের এ বছর পূর্ণ করলেন তারা।
মাহমুদ সালেহীন খান










