পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইভ বক্তব্যে তিনি দাবি করেন, প্রায় ৩০টি স্থানে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন, বাড়িঘর ও দোকানপাটেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সারজিস আলম বলেন, নির্বাচনের পর যে-ই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছ থেকে একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি প্রত্যাশা ছিল। প্রতিহিংসা ও পুরোনো রাজনৈতিক ‘নোংরা সংস্কৃতি’ পরিহার করে সবাই যেন নিজ নিজ দল ও মতাদর্শ নিয়ে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে পারে এমনটাই চাওয়া ছিল।
তিনি আরও বলেন, “বিজয়ী হয়ে প্রতিপক্ষকে দমন করা, আক্রমণ চালানো বা হুমকি দেওয়া স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।” এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা সহ্য করা হবে না বলেও সতর্কবার্তা দেন তিনি।
-আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়










