‘প্রতিটি বলই গুরুত্বপূর্ণ’, নিউজিল্যান্ড ম্যাচের আগে প্রোটিয়া অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আগের দুই ম্যাচে জয় পাওয়া দুই দল আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদে লড়বে। ম্যাচের আগে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, এই লড়াইয়ে প্রতিটি বলই হতে পারে নির্ধারক।

ডাবল সুপার ওভারের রোমাঞ্চ

মার্করামের এমন মন্তব্যের পেছনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস জয়। ১১ ফেব্রুয়ারির সেই ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর সমান হলে খেলা গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারও টাই হলে দ্বিতীয় সুপার ওভারে গিয়ে ফল নির্ধারিত হয়। শেষ পর্যন্ত ৪ রানের জয় পায় প্রোটিয়ারা।

এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে মার্করাম বলেন, “প্রতিটি বলই যে গুরুত্বপূর্ণ, তা আমরা উপলব্ধি করেছি। ম্যাচের ছোট ছোট মুহূর্তও ফল নির্ধারণ করতে পারে। এক ম্যাচে দুটি সুপার ওভার এটি সত্যিই স্নায়ুক্ষয়ী অভিজ্ঞতা।”

শেষ ওভারের নাটকীয়তা

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল এক উইকেট। শুরুতে কাগিসো রাবাদা উইকেট নিলেও তা ‘নো’ বল হিসেবে ধরা হয়। ওই ওভারে দুটি নো বল দেন তিনি। সুযোগ কাজে লাগিয়ে আফগান স্পিনার নুর আহমদ ১২ রান তুলে ম্যাচ টাই করেন।

তবে মার্করাম বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, “শুরু থেকে শেষ পর্যন্ত বোলাররা শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে দুই ম্যাচে আমরা ২২টি অতিরিক্ত রান দিয়েছি, যা এই ফরম্যাটে অনেক বেশি।”

কিউইদের চ্যালেঞ্জ

প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি বলেন, “আপনি সবসময় সেরা দলের বিপক্ষে খেলতে চাইবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ সবসময়ই বিশেষ। তারা কঠিন প্রতিপক্ষ, আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।”

দুই দলই দুর্দান্ত ফর্মে থাকায় আহমেদাবাদের এই ম্যাচে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটভক্তরা।

-এমইউএম