ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড মিডফিল্ডার

জুনে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যখন অংশগ্রহণকারী ৪৮টি দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই বড় এক দুঃসংবাদ পেল ইংল্যান্ড। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার রুবেন লাফটাস-চিক। এসি মিলানের এই তারকা সিরি’আতে ম্যাচ চলাকালীন গুরুতরভাবে চোয়াল ভেঙেছেন।

গত রবিবার সিরি’আ-তে পারমার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে এক ভয়াবহ সংঘর্ষের শিকার হন লাফটাস-চিক। পারমার গোলরক্ষক এদোয়ার্দো করভির সাথে বল দখলের লড়াইয়ে তার মুখে প্রচণ্ড আঘাত লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকা এই মিডফিল্ডারকে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ওই ম্যাচে মিলান ১-০ গোলে পরাজিত হলেও আলোচনার কেন্দ্রে ছিল লাফটাস-চিকের চোট।

ইতালীয় সংবাদমাধ্যম ও স্কাই স্পোর্টস ইতালিয়া জানিয়েছে, লাফটাস-চিকের আঘাত অত্যন্ত গুরুতর। সংঘর্ষের ফলে তার ওপরের দুটি দাঁত ভেঙে গেছে এবং মাড়ির ওপরের অংশ মারাত্মকভাবে কেটে গেছে। সেই সঙ্গে তার মুখের হাড়েও চিড় ধরা পড়েছে। সোমবার তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত কয়েক মাস সময় লাগবে।

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র চার মাস। অস্ত্রোপচার এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া বিবেচনা করলে ইংল্যান্ডের হয়ে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের এই বিশ্বমঞ্চে নামা লাফটাস-চিকের জন্য কার্যত অসম্ভব। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মাঝে কিছুদিন জাতীয় দলের বাইরে থাকলেও থমাস টুখেলের অধীনে ফের নিজেকে মেলে ধরেছিলেন তিনি। তার এই অনুপস্থিতি ইংলিশ মিডফিল্ডে বড় একটি শূন্যতা তৈরি করবে।

একইসঙ্গে এসি মিলানের জন্যও এটি বিশাল ক্ষতি। শিরোপা দৌড়ে ইন্টার মিলানের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থাকা ক্লাবটি তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে এখন চরম সংকটে।

-সাইমুন