শহিদ কাপুর বনাম শানায়া কাপুর: বক্স অফিসে দ্বন্দ্ব শুরু

ফেব্রুয়ারির মাঝামাঝি বলিউডে দর্শকরা একই দিনে দুটি ভিন্ন ঘরানার সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। একদিকে আছে বিশাল ভরদ্বাজের ডার্ক ক্রাইম থ্রিলার ‘ও’ রোমিও’, অন্যদিকে নবাগত শানায়া কাপুরের অভিষেক সিনেমা ‘তু ইয়া ম্যায়’। দুটি সিনেমার একই দিনে মুক্তি পেয়ায় বক্স অফিস এবং দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে।

‘ও’ রোমিও’ শহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের দীর্ঘদিনের সফল জুটির প্রত্যাবর্তন। হুসাইন জাইদির বিখ্যাত ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত এই ছবিতে শহিদ একটি রহস্যময় এবং বিধ্বংসী চরিত্রে অভিনয় করেছেন। তৃপ্তি দিমরির অভিনয় ছবির প্রাণ বায়ু হয়ে উঠেছে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্বাসঘাতকতা এবং অন্ধকারের গল্পে সিনেমাটোগ্রাফি ও বিশাল ভরদ্বাজের স্বতন্ত্র আবহ সংগীত দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। মুক্তির আগেই লক্ষাধিক অগ্রিম টিকিট বিক্রি প্রমাণ করছে যে, ‘ও’ রোমিও’ বক্স অফিসে শক্ত অবস্থান পেয়েছে।

অন্যদিকে, ‘তু ইয়া ম্যায়’ নবাগত শানায়া কাপুরের অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অস্তিত্ব প্রমাণের চেষ্টা। বেজয় নাম্বিয়ারের পরিচালিত এই সারভাইভাল ড্রামা চরম প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার গল্প বলে। শানায়ার বিপরীতে অভিনয় করেছেন আদর্শ গৌরব, এবং ট্রেলার প্রকাশের পর তাদের রসায়ন নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। বেজয় নাম্বিয়ারের ডার্ক টোন ও অস্থির ক্যামেরা মুভমেন্ট ছবিটিকে আন্তর্জাতিক মানের ছোঁয়া দিয়েছে।

দুই সিনেমার তারকাবহরও সমান আকর্ষণীয়। ‘ও রোমিও’-তে শহিদ কাপুর, তৃপ্তি দিমরি, নাসিরুদ্দিন শাহ এবং কে কে মেনন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘তু ইয়া ম্যায়’-তে শানায়া কাপুরের সঙ্গে আছেন আদর্শ গৌরব, বিক্রান্ত ম্যাসি ও মঞ্জরী ফাডনিস।

বক্স অফিসে শুরুতেই ‘ও’ রোমিও’ শহুরে দর্শকের মধ্যে দাপট দেখিয়েছে। অন্যদিকে, ‘তু ইয়া ম্যায়’ তরুণ প্রজন্মের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনে ‘ও’ রোমিও’ বড় ব্যবসা করবে, কিন্তু ‘তু ইয়া ম্যায়’ ভালো মাউথ পাবলিসিটি পেলে সপ্তাহান্তে ব্যবসার গ্রাফ বাড়াতে পারে।

শেষ পর্যন্ত বলিউডের এই দুই সিনেমা একই দিনে প্রত্যাশা এবং প্রমাণের মঞ্চ। অভিজ্ঞ বিশাল ভরদ্বাজ ও শহিদ কাপুরের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই এবং নবাগত শানায়ার চ্যালেঞ্জ—দর্শক কোন গল্পকে হৃদয়ে স্থান দেবেন, সেটিই এখন দেখার বিষয়।

-বিথী রানী মণ্ডল