বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা

গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির নেতা ইমনদোজা আহমেদ-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কাজীর পয়েন্ট এলাকায় অবস্থানকালে একদল যুবক হঠাৎ ইমনদোজার ওপর হামলা চালায়। ইমনদোজার চিৎকার শুনে স্থানীয়রা ও পথচারীরা দ্রুত এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ইমনদোজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা অনুসারে সহপাঠীদের মধ্যে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, বিষয়টি তেমন গুরুতর নয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ