ইলিয়াস আলীকে ভালোবাসার প্রতিদান এ বিজয়: লুনা

-ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হওয়া ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, এই জয় কেবল রাজনৈতিক সাফল্য নয়; এটি মানুষের ভালোবাসা, স্মৃতি ও আবেগের প্রতিফলন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নিখোঁজ ইলিয়াস আলীকে হৃদয়ে ধারণ করে রেখেছেন। সেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসাই এবার ব্যালটে প্রতিফলিত হয়েছে। লুনা বলেন, “ইলিয়াস আলীকে ভালোবাসার প্রতিদান এ বিজয়। এটি মানুষের ভালোবাসার বিজয়।”

শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানা গ্রামে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।

মানুষের আস্থা ও রাজনৈতিক অঙ্গীকার

লুনা আরও বলেন, “মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই।” তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তার রাজনীতির মূল অঙ্গীকার। উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করা, সাধারণ মানুষের পাশে থাকা এবং একটি শান্তিপূর্ণ ও অগ্রসর জনপদ গড়ে তোলা তার প্রধান লক্ষ্য।

অগ্রাধিকার কর্মসূচি

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষ গুরুত্ব দেবেন প্রবাসী হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে। এছাড়া রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশ্বনাথের বাসিয়া নদী সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানোন্নয়ন, মানুষের অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করা এসবই তার অগ্রাধিকার ভিত্তিক কাজ।

লুনা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। তাই আমি এই ক্ষেত্রে সহযোগিতামূলক অবস্থান রাখতে চাই।”

শেষে তিনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ইলিয়াস আলীকে সামনে রেখেই, তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করাই হবে আমার রাজনীতির সব চেয়ে বড় প্রতিশ্রুতি।”

-এমইউএম