ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং-হানিয়া আমির

পাকিস্তানের বিনোদন জগতে আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছে অভিনেত্রী হানিয়া আমির এবং গায়ক আসিম আজহার। দীর্ঘদিন পর এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনুরাগীদের মধ্যে একদিকে উৎসাহ, অন্যদিকে জল্পনা শুরু হয়।

ভিডিওতে হানিয়া ও আসিমকে একটি উৎসবমুখর পরিবেশে দেখা যায়। তারা একসঙ্গে নাচছেন এবং হাসিমুখে আনন্দ উপভোগ করছেন। নজরকাড়া বিষয় ছিল তাদের পরনে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক এবং সাজসজ্জা, যা দেখে মনে হচ্ছে এটি কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান। এই কারণে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মধ্যে মুহূর্তের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে মনে করতে থাকেন, হয়তো তারা গোপনে বিয়ে সেরে ফেলেছেন, আবার কেউ মনে করেন, আসন্ন রমজানেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ভিডিওটি শেয়ার হবার পর কমেন্ট বক্সে ভক্তরা তাদের প্রিয় জুটির জন্য শুভকামনা জানাতে শুরু করেন।

কিন্তু পরে জানা যায়, আসল ঘটনা কিছুটা ভিন্ন। এটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উদযাপন। ভিডিওটির থিম ছিল ‘বিয়ে’, যা জন্মদিনকে আরও মজার এবং স্মরণীয় করে তুলেছিল। ভিডিওতে হানিয়াকে স্পষ্ট বলতে শোনা যায়, “ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং অর্থাৎ,“আমার নকল বিয়েতে স্বাগতম।” অর্থাৎ, এটি কোনো বাস্তব বিয়ে ছিল না, বরং একটি থিমযুক্ত জন্মদিনের উদযাপন।

এই ঘটনায় অনুরাগীরা প্রথমে বিভ্রান্ত হলেও, পরে অনেকেই হানিয়ার সৃজনশীল ধারণা এবং থিমটি উপভোগ করেছেন। ভিডিওটি তাদের বন্ধুত্বপূর্ণ এবং মজার মুহূর্তগুলিকে সামনে এনেছে। হানিয়া ও আসিমের এই মধুর মুহূর্ত অনুরাগীদের মধ্যে হাসি আর আনন্দ ছড়িয়েছে এবং সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

 ভাইরাল হওয়া ভিডিওটি দেখলে মনে হতে পারে তারা গোপন বিয়ে করেছেন, কিন্তু বাস্তবে এটি ছিল শুধুমাত্র হানিয়ার জন্মদিন উদযাপনের জন্য তৈরি করা ‘ফেক ওয়েডিং’ থিম। এই ধরনের সৃজনশীল থিম তারকাদের ব্যক্তিগত উদযাপনের সঙ্গে অনুরাগীদের আনন্দ ভাগাভাগি করার এক মজার উপায়।

-বিথী রানী মণ্ডল