কুলিয়ারচরে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে প্রশংসায় ভাসছেন শরীফুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসন থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর দলীয় নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।

নির্বাচন পরবর্তী কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দির নিজ বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি স্পষ্ট ভাষায় জানান, ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের জুলুম-অত্যাচার বরদাশত করা হবে না। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের অধিকার রক্ষা করা।
তিনি আরও বলেন, “মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার ও অহংকার করা আল্লাহ পছন্দ করেন না, আমিও তা পছন্দ করি না। আমি কেবল দলের ভোটে নয়, বরং সর্বস্তরের মানুষের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হয়েছি।”
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত এই সংসদ সদস্য ভৈরব–কুলিয়ারচর এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে যারা এই পথ ছেড়ে সৎ জীবনে ফিরতে চান, তাদের কর্মসংস্থানে সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচনের আগে দেওয়া নিজের অঙ্গীকার স্মরণ করে তিনি বলেন, “আমি আমার নেতাকে বলেছিলাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করবো। আজ দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সেই অঙ্গীকার পূরণ করেছি।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব–কুলিয়ারচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকে পান ৪৪ হাজার ৯৫ ভোট। প্রায় ১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানটি সারাদেশে সর্বোচ্চ হিসেবে আলোচনায় এসেছে।

মোঃ ফরমান উল্লাহ,