বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদে ভাই খুন, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ফাহিম (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকায় এই বর্বর ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই হত্যাকারী তনয় পলাতক রয়েছেন।

নিহত ফাহিম ছিলেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য।

হত্যার প্রতিবাদ ও অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করে শনিবার দুপুরে নিহতের আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা মাটিডালী মোড় (বগুড়া–রংপুর) মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পরিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ও কিশোর গ্যাংয়ের হোতা তনয় দীর্ঘদিন ধরে ফাহিমের ছোট বোন রিমিকে উত্যক্ত করছিলেন। বিষয়টি পরিবারকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেছিল। ওই ঘটনায় মামলা দায়ের হলেও দুই সপ্তাহ আগে তনয় জামিনে মুক্ত হন।

সাবধানী পরিকল্পনা অনুযায়ী তনয় শনিবার সকালে ফাহিমের পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পিঠে একাধিক আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই সেতু অভিযোগ করেন, “বোনকে উত্যক্তের জের ধরে তনয় পূর্বপরিকল্পিতভাবে ফাহিমকে হত্যা করেছে। আমরা এর যথাযথ বিচার চাই।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে হত্যাকাণ্ড পূর্ব বিরোধ ও উত্যক্তের জেরেই সংঘটিত হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে তৎপর রয়েছে।”

-গোলাম রব্বানী শিপন, বগুড়া