নতুন সরকারের শপথ গ্রহণের প্রাক্কালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রকৃত কারণ ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানিয়েছেন, কোনো বিতর্ক নয়, বরং ব্যক্তিগত কারণেই ড. রশীদ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিলের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি স্পষ্ট করেন। তিনি লিখেন: “মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে অব্যাহতি চেয়েছিলেন।”











