দুই দশক পর ক্ষমতার দ্বারপ্রান্তে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় দুই দশক পর আবারও সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল।

দলীয় সূত্র ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, একক ও জোটগতভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা ইতোমধ্যেই নিশ্চিত করেছে বিএনপি ও তাদের মিত্ররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল থেকে টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকলে স্পষ্ট হতে থাকে বিএনপির এগিয়ে থাকার চিত্র।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত দেড়টা পর্যন্ত বিএনপি ও তাদের জোটসঙ্গীরা মোট ১৭১টি আসনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬২টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ১টি এবং অন্যান্য দল মিলিয়ে ৭টি আসনে জয়লাভ করেছে। ফলে সংসদে বড় ধরনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বিএনপি।

দলীয় নেতারা জানিয়েছেন, চূড়ান্ত ফলাফলে এই ব্যবধান আরও বাড়বে বলে তাদের প্রত্যাশা। ইতোমধ্যে সরকার গঠনের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বিএনপি সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে দলটি রাজনৈতিক চাপ, মামলা ও দমন-পীড়নের মুখে পড়ে বলে অভিযোগ করে আসছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন প্রবাসজীবন দলীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল।

পরবর্তীতে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দেড় বছর পর অনুষ্ঠিত এই অংশগ্রহণমূলক নির্বাচনে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে এবার ফের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জোরালো হলো বিএনপির সামনে।

চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় এখন দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে বাড়তি উত্তেজনা

_এজাজ আহম্মেদ/মামুন