আজ বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ ইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আজ শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহযোগিতা দেওয়ার জন্য সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কমিশন।

এতে আরও বলা হয়, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সাবরিনা রিমি/