প্রেসক্লাবে ‘মুজিববাদী স্লোগান’ দেওয়ার অভিযোগ, জেআরজেএর প্রতিবাদ

মহান শহীদ দিবসে জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মুজিববাদী স্লোগান’ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জুলাই রেভলুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী দাবি করেন, কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে প্রেসক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন প্রেসক্লাব দখলের অপচেষ্টা চালিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং সেই প্রেক্ষাপটে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না। সংগঠনটি প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যারা রাজনৈতিক স্লোগান দিয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে সদস্যপদ বাতিলের বিষয়টি বিবেচনা করতে হবে।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ফ্যাসিবাদবিরোধী কর্মকাণ্ডে প্রেসক্লাবের সঙ্গে থাকার কথাও উল্লেখ করেছে সংগঠনটি।

-বেলাল