বিপুল জয়ে দুই দশক পর ক্ষমতায় আসছে বিএনপি, বিভিন্ন দেশের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে।

নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ২৬৯টি আসনের ফলাফল বিশ্লেষণ করেছে।

বিশ্লেষণ অনুযায়ী, বিএনপি ১৯৭টি আসনে জয়ী হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৬টি আসনে জয় পেয়েছে।

অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন ১টি করে আসনে জয় পেয়েছে।

শীর্ষ নেতাদের ফলাফল

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা-১১ আসনে বিজয়ী হয়েছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম।

শান্তিপূর্ণ ভোটগ্রহণ

এবার নির্বাচনের দিনের পরিবেশ বিশেষভাবে নজর কেড়েছে। সহিংসতার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। দেশের অধিকাংশ জায়গায় ভোটাররা উৎসবমুখর, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিয়েছেন।

বিজয়ের পর বিএনপিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান।

-এমইউএম