ভ্যালেন্টাইনস হোক বা জন্মদিন বিশেষ দিন উদযাপনে রেড ভেলভেট কেকের চেয়ে আকর্ষণীয় আর কিছুই হতে পারে না। এর টকটকে লাল রঙ আর ওপরে সাদা ক্রিম চিজের ফ্রস্টিংয়ের বৈপরীত্য যে কাউকেই মুগ্ধ করবে। তবে রেড ভেলভেট কেক মানেই যে লাল রঙ দেওয়া সাধারণ স্পঞ্জ কেক নয়, সেই রহস্য লুকিয়ে আছে এর সঠিক উপকরণ ও রন্ধন শৈলীতে।
উপকরণ-
কেকের জন্য-
১।ময়দা: দেড় কাপ
২।কোকো পাউডার ২ টেবিল চামচ (বেশি দিলে রঙ কালচে হয়ে যাবে)
৩। চিনি ১ কাপ (গুঁড়ো করা)
৪। বাটার মিল্ক ১ কাপ (১ কাপ দুধে ১ চামচ লেবুর রস মিশিয়ে ১০ মিনিট রাখলে বাটার মিল্ক তৈরি হবে)
৫। সাদা তেল বা মাখন আধা কাপ
৬। ডিম ২ টি
৭। ভিনেগার ১ চা চামচ
৮। বেকিং সোডা ১ চা চামচ
৯। লাল ফুড কালার ১-২ চা চামচ (ভালো মানের জেল কালার হলে ভালো)
১০।ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
ফ্রস্টিংয়ের জন্য
১। ক্রিম চিজ ২০০ গ্রাম
২। মাখন: ৫০ গ্রাম
৩। আইসিং সুগার ১ কাপ
প্রণালি-
মিশ্রণ তৈরি-
প্রথমে একটি বড় পাত্রে তেল ও চিনি ভালো করে ফেটিয়ে নিন। এরপর একে একে ডিমগুলো দিয়ে মিশ্রণটি হালকা ও ফ্যাকাশে না হওয়া পর্যন্ত নাড়ুন। এবার এতে ভ্যানিলা এসেন্স ও লাল ফুড কালার মিশিয়ে নিন।
শুকনো উপকরণ মেশানো-
ময়দা ও কোকো পাউডার চেলে নিন। এবার এই শুকনো মিশ্রণটি অর্ধেকটা ডিমের মিশ্রণে দিন এবং সাথে অর্ধেকটা বাটার মিল্ক দিন। এভাবে ধীরে ধীরে বাকি ময়দা ও বাটার মিল্ক মিশিয়ে একটি মসৃণ গোলা তৈরি করুন।
সোডা-ভিনেগার মিশ্রণ-
একটি ছোট বাটিতে বেকিং সোডা ও ভিনেগার একসাথে মেশান। মিশ্রণটি ফেনা হয়ে উঠলে সাথে সাথেই কেকের গোলার মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। এটাই কেককে দেবে সেই কাঙ্ক্ষিত ‘ভেলভেটি’ বা নরম টেক্সচার।
বেকিং-
ওভেনে করলে ১৮০°C তাপমাত্রায় ৩০-৩৫ মিনিট বেক করুন। আর চুলায় করতে চাইলে একটি বড় হাড়িতে স্ট্যান্ড বসিয়ে ঢিমে আঁচে ৪০-৪৫ মিনিট বেক করুন। কেক হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা হতে দিন।
ফ্রস্টিং ও সাজানো-
ক্রিম চিজ, মাখন ও আইসিং সুগার বিট করে ঘন ক্রিম তৈরি করুন। কেকটি মাঝখান থেকে কেটে ভেতরে এবং চারপাশে এই ক্রিম লাগিয়ে দিন। কেকের কিছু অংশ গুঁড়ো করে ওপর থেকে ছিটিয়ে সাজিয়ে নিন।
রেড ভেলভেট কেকের আসল স্বাদ নির্ভর করে বাটার মিল্ক এবং সোডা-ভিনেগারের রাসায়নিক বিক্রিয়ার ওপর। এটিই কেকের রঙকে গাঢ় করে এবং কামড়ে দেয় অদ্ভুত মোলায়েম ভাব। কেক গরম অবস্থায় ফ্রস্টিং করবেন না, এতে ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা থাকে।”
-বিথী রানী মণ্ডল










