তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সুস্পষ্ট বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।

শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান। পোস্টে তিনি তারেক রহমান ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজকে ট্যাগ করেন।

মোদির পোস্টে বলা হয়, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। তারেক রহমানের উদ্দেশে তিনি লেখেন, ‘এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক।’

মোদি আরও উল্লেখ করেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের মিত্ররা ১৮২টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা জয় পেয়েছে ৬৯টি আসনে।

সাবরিনা রিমি/