নেত্রকোনায় ৪টিতে বিএনপি, জামায়াতের এক প্রার্থী জয়ী

নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছে। এ ছাড়া গণভোটে হ্যাঁ’তে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং না ৩ লাখ ৬৪ হাজার ৯০৩ ভোট পড়েছে।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিশের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান শান্ত (লাঙ্গল) ১ হাজার ২৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে) ৪ হাজার ৪২৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান সোহাগ (হাতপাখা) ২ হাজার ২২০ এবং জেএসডির মো. বেলাল হোসেন (তারা) প্রতীকে ৩৩৫ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার বিপরীতে জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) ৬৭ হাজার ৩৬৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল কাইয়ূম (হাতপাখা) ১৫ হাজার ২২০, জাতীয় পার্টির অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা (লাঙ্গল) ৪ হাজার ৮৪৫ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী (বটগাছ) প্রতীকে ২ হাজার ২০ ভোট পেয়েছেন।নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল (ঘোড়া) ৬৮ হাজার ৯৬১, জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবীর নিয়োগী (দাঁড়িপাল্লা) ৪১ হাজার ৫৫৬, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার (লাঙ্গল) ৫৭৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন (হাতপাখা) ২ হাজার ৭৬০ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুজ্জোহা (চেয়ার) প্রতীকে ৩৫৮ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার বিপরীতে জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) ৩৯ হাজার ৮৪০, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার (কাস্তে) ৩ হাজার ৩৫৯, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার (কোদাল) ২৮২ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান (হাতপাখা) প্রতীকে ২ হাজার ২৫ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৪১২ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম (হাতপাখা) প্রতীকে ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন।

-বেলাল