ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ আসনে ১০৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাড. ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকের পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
এই আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাড. ফেরদৌস আহমদ চৌধুরী হাতপাখা প্রতীকে ২ হাজার ৬৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন লাঙল প্রতীকে ১ হাজার ৬৩১ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম আপেল প্রতীকে পেয়েছেন ৭৫৮ ভোট, মুসলিম লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জুলফিকার বুলবুল চৌধুরী হাতপাঞ্জা প্রতীকে পেয়েছেন ২৬৬, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী অ্যাড. একেএম আবু ইউসুফ তারা প্রতীকে পেয়েছেন ২৫২ ভোট।
জয়ী হওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নুরুল আমিন তার বক্তব্যে বলেন, আমার এই অর্জন সব মিরসরাইবাসীর। আমি একটি শান্তির মিরসরাই গড়তে চাই সবাইকে একসঙ্গে নিয়ে। আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে সঙ্গে নিয়ে নিরাপদ ও শান্তির মিরসরাই উপজেলা গড়াই আমার লক্ষ্য।
তিনি বিজয়ের ফলাফল হাতে পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন।
হার-জিত শুধু একটি সংখ্যা। সবাইকে নিয়ে সাজানো হবে শান্তির নিরাপদ মিরসরাই। পরাজিত দলের লোকজন নিরাপদ থাকলে সেটাই হবে বিজয়ের আনন্দ। এ বিজয় যেন কারো জন্য কষ্টের না হয়। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, মিরসরাই আসনে ৩ হাজার ৮৬ হাজার ৬৭৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে ২ হাজার ১৯ হাজার ৪১৬ জন, বাতিল হয়েছে ৫ হাজার ৫৭৪ ভোট। এই আসনে প্রদত্ত ভোটের হার ৫৫.৩০%। গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৪০ এবং না ভোট দিয়েছেন ৮৭ হাজার ৬৩৫ জন।
-বেলাল










