ছোট পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে যান। সবকিছু স্বাভাবিকই ছিল। তবে বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।
এর আগে দীর্ঘ সময় অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন তিনু করিম। ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৬ ডিসেম্বর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। পরে ৩১ ডিসেম্বর কেবিনে স্থানান্তর করা হয়। প্রায় ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফেরেন তিনি। তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন বলেই জানিয়েছিল পরিবার। কিন্তু সুস্থতার মধ্যেই হঠাৎ হৃদ্রোগে তাঁর জীবনাবসান হলো।
দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টিভি নাটকে তাঁর অভিষেক। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বহু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেন। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
-বিথী রানী মণ্ডল










