ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তারা তা মেনে নেবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইশরাক বলেন, একটি নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। গণতান্ত্রিক চর্চায় অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে ফলাফল গ্রহণ করা উচিত। ফলাফল মেনে নেওয়ার মানসিকতা না থাকলে কেন্দ্র দখল বা কারচুপির মতো অপচেষ্টা দেখা দেয় বলে মন্তব্য করেন তিনি।
ভোটের সার্বিক পরিবেশ নিয়ে বিএনপি প্রার্থী বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। তবে আগের রাত থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। সূত্রাপুর এলাকায় একটি কেন্দ্রে প্রবেশের চেষ্টা এবং এক প্রিজাইডিং কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।
জামায়াতের সমালোচনা করে ইশরাক দাবি করেন, যারা নিজেদেরকে নীতিবান হিসেবে উপস্থাপন করে, তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় জনগণের সামনে তাদের অবস্থান পরিষ্কার হয়েছে।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের যে রায় আসবে, সেটিই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে।
নতুন ভোটারদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট দেওয়া নাগরিক দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
-সাবরিনা রিমি










