নির্বাচন সামনে রেখে প্রথমবার যশোরে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় সমাবেশ শেষে তিনি যশোরে জনসভায় যোগ দেবেন। এদিন দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনি জনসভা।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে সাজ সাজ রব। চলছে প্রচার মিছিল। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও অধীর অপেক্ষা।

দলীয় সূত্র জানায়, কলেজ মাঠসংলগ্ন ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কে নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিনও স্থাপন করা হবে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “২ ফেব্রুয়ারি সকালে আমাদের চেয়ারম্যান খুলনায় এক জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি যশোর উপশহর কলেজ মাঠে আসবেন। দুপুর ১২টা থেকেই জনসভার কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও জানান, চেয়ারম্যান মঞ্চে ওঠার আগে বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির প্রার্থীরা বক্তব্য দেবেন। প্রায় দুই লাখ মানুষের জনসমাগমের লক্ষ্যে সভাস্থল প্রস্তুত করা হচ্ছে।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠে পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

-এমইউএম