ঢাকা: কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, “এখন পর্যন্ত যতটুকু দেখেছি, পরিবেশে কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।”
ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ফলাফল যাই হোক সেটি মেনে নেব।”
তিনি আরও বলেন, রাতভর সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় অনিয়মের খবর পাওয়া গেছে। ঢাকা-১৩ আসনেও কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের সংবাদ পেয়েছেন বলে জানান তিনি। “আমরা বিষয়টি যাচাই করার সুযোগ পাইনি। তবে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি,” যোগ করেন মামুনুল হক।
-এমইউএম










