উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসার আহ্বান নাহিদ ইসলামের

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমি নিরব ও সুন্দর পরিবেশে ভোট দিলাম। ভোটারদের প্রতি আহ্বান জানাবো—ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিন।”

এ সময় তিনি সেনাবাহিনী, প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার গঠনের জন্যই আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা মনে করি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।”

অন্য এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “দেশের মানুষ যদি নির্বাচনকে সুষ্ঠু বলে এবং নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে ফলাফল যাই হোক আমরা তা মেনে নেব।”

উল্লেখ্য, ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে রয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

-এমইউএম