ঢাকা: “১৭ বছর পর ভোট দিয়েছি। লম্বা সময় পর নতুন বাংলাদেশে ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। নিজেকে কেন্দ্রের প্রথম ভোটার দাবি করে মাসুমা আক্তার বলেন, “(নির্বাচন) আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ, এটাই চেয়েছি। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে অনেক ভালো লাগছে।”
নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী। তিনি বলেন, “ভোট গ্রহণ ভালোভাবে শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত এমন থাকবে। গণভোটে হ্যাঁ এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তার কাছে প্রত্যাশা থাকবে যেন সুন্দর একটা সমাজ গড়েন।”
প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা-৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামী জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন মো. আব্দুল মান্নান।
এ ছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীকে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. ফখরুল ইসলাম এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
-এমইউএম










