অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ কমল

ছবিঃ সংগৃহীত

সরকার অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এ তথ্য জানান।

মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভায় অংশগ্রহণকারী প্রকাশকরা বর্তমান প্রকাশনা-শিল্পের অবস্থা তুলে ধরে বিভিন্ন দাবি সরকারের কাছে উপস্থাপন করেন। সংস্কৃতি উপদেষ্টা প্রকাশকদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে, গ্রন্থনীতি প্রণয়নের পাশাপাশি এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা সভায় ঘোষণা করেন, ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, যারা ইতিমধ্যে স্টল ভাড়া জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি অর্থ প্রদান করতে পারবেন।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এবং পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

-বেলাল