মোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মো. মামুনুল হক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন ঢাকা-১৩ আসনের এ প্রার্থী।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের সহিংসতার চিত্র দেখা যায়নি। উৎসুক ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। জামায়াত জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মো. মামুনুল হক।

এছাড়া ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, রকেট প্রতীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মো. শাহাবুদ্দিন, মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মো. খালেকুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাশাপাশি হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

-এমইউএম