টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতিতে এই সময়ে বিকল্প হিসেবে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা শুরু হয়।
টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সী এবং সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন এমন ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে ইমার্জিং স্কোয়াডের দল ‘দুরন্ত একাদশ’। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘ধূমকেতু একাদশ’ এবং ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে ‘দুর্বার একাদশ’ অংশ নিয়েছে।
এখন পর্যন্ত তিন দলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আজ (সোমবার) মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তের দুর্বার একাদশ। ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।
আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্ট সেভাবে তেমন সাড়া ফেলতে পারেনি। একটিমাত্র ম্যাচে ছিল বেশি উত্তেজনা, আর দর্শকও তেমন উপস্থিতি ছিল না। নাজমুলের দুর্বার একাদশ দুইটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে লিটনের ধূমকেতু একাদশ একটি জয় নিয়ে ফাইনালে উঠেছে। তরুণদের নিয়ে গড়া দুরন্ত একাদশ কোনো জয় না পেয়ে গ্রুপ পর্বে থেকেই বিদায় নিয়েছে।
বিসিবি মূলত খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে এবং কিছুটা আর্থিক সুবিধা নিশ্চিত করতে বিশ্বকাপের সময় এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ক্রিকেটারদের তিনটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। বিশ্বকাপের দল নিয়েই গঠিত হয়েছে ধূমকেতু একাদশ। তবে টুর্নামেন্টে তরুণদের কেউ তেমন ভালো করতে পারেননি।
-এমইউএম










