রাজধানী শান্তিবাগে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত ৪

রাজধানীর মালিবাগের শান্তিবাগে পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলের এ ঘটনায় হামলার শিকার মোহাম্মদ আলী ওয়ায়েছী শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম সমকালকে বলেন, একটি ভবনের নিচতলায় দোকান নির্মাণের অনুমতি ছিল না। এরপরও আবাসন কোম্পানি দোকানঘর করে বিক্রি করেন। এই জায়গার মালিকানা নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আগেও তর্কবিতর্ক হয়েছে তাদের মধ্যে। যেহেতু জমি-জায়গার বিষয়, তাই তাদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তারা যায়নি।

ওসি আরও জানান, মঙ্গলবার এ নিয়ে আবার মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন থানায় অভিযোগ করেছেন।

জানা যায়, সুলতানা কটেজের নিচতলায় আবাসন কোম্পানি জেনারেটর ও চলাচলের জায়গা দখল করে দোকান নির্মাণ করে। এতে ৯ তলা ভবনের ফ্ল্যাট মালিকরা রাজউকে অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদের অভিযোগ করায় রাজউক দোকানগুলো উচ্ছেদ করে। এ নিয়েই দোকানিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

মোহাম্মদ আলী ওয়ায়েছী থানায় লিখিত অভিযোগে বলেছেন, তিনি শান্তিবাগে প্রশান্তি হাসপাতাল লিমিটেডে চাকরি করেন।

হাসপাতাল সংলগ্ন গলিতে সুলতানা কটেজ নামে ভবনের প্রধান গেটে সোহেল রানাসহ অজ্ঞাতনামা ৫-৬ জন মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুলতানা কটেজের প্রবেশ গেটে হামলা চালায়। তিনি এগিয়ে গেলে তারা তাকে বেদম মারধর করে। তার চিৎকারে সহকর্মী নাসির উদ্দিন, সাদিকুর রহমান ও নাহিদ হাসান ছুটে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে।

-সাইমুন