আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোজার সময় ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারের মাধ্যমে এ সময়সূচি ঘোষণা করে।
সার্কুলারে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে নামাজের বিরতিকালেও বিকল্প ব্যবস্থায় ব্যাংকিং লেনদেন অব্যাহত রাখতে হবে।
বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছর রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী রমজানে ব্যাংকের অফিস ও লেনদেনের সময় কিছুটা কমে আসে।
আগামী সপ্তাহ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেই নতুন সময়সূচি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে আরও বলা হয়, পবিত্র রমজান মাস শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।
-এমইউএম










