ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন তিনি।
আবুল কালাম আজাদ ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র চার দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যভুক্ত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক।
বিজ্ঞপ্তিতে আজাদ বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থানের পর সমর্থকদের সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের সংগঠন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নিবন্ধন না থাকায় এবং নির্বাচন কমিশন আইনের বাধ্যবাধকতায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য হয়ে আনারস প্রতীকের প্রার্থী হই।’
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলে আসছে। স্বৈরাচারের পতন হলেও সংকট কাটেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বকে মুখোমুখি দাঁড় করিয়েছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তি ’৭১-কে প্রশ্নবিদ্ধ করার আস্ফালন দেখাচ্ছে। লেবার পার্টির অবস্থান জামায়াতের পক্ষে; তাই লেবার পার্টির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করছি।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তিকে রুখে দিয়ে সুশাসন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিএনপির বিকল্প নেই। ঢাকা-১০ আসনের কেন্দ্রভিত্তিক নেতাকর্মী-সমর্থক-শুভাকাঙ্ক্ষী সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে জয় নিশ্চিত করবেন।
-মেহেরীন//










