ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ ৯ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়। চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ব্যাপক জনগণ অংশগ্রহণ করেন। বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেন।
প্রধান অতিথি বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, “আমি প্রতিহিংসা, মামলা-হামলার রাজনীতিতে বিশ্বাসী না। ধানের শীষ প্রতীক নির্বাচিত হলে হিংসাপরায়ণ হয়ে কোনো দলের নেতাকর্মীদের উপর হামলা-মামলা করা হবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে নান্দাইলকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করবো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াই-ফাই জোন স্থাপন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং স্বাস্থ্যসেবাকে জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।”
ইয়াসের খান চৌধুরী বলেন, “ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে নান্দাইলবাসীর উন্নয়নে সব ধরনের কল্যাণকর কাজ করবো। আমি নির্বাচিত হলে এমপি হিসেবে নয়, নান্দাইলের জনগণের সেবক ও ধানের শীষের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করবো।”
তিনি আরও বলেন, “প্রতিটি খাতকে দুর্নীতি মুক্ত করে জনসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে। জুয়া ও বিভিন্ন ধরনের চুরি বন্ধে প্রশাসনকে নিয়ে পাড়া-মহল্লায় কমিটি করে প্রতিরোধ গড়ে তুলবো। সবাই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নীরবে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা ভয়ের কোনো কারণ নেই। আপনারা দোয়া ও সহযোগিতা থাকলে ধানের শীষ প্রতীক জয়যুক্ত হবে।”
জনসভায় নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন সঞ্চালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির প্রমুখ।
-মোঃ সাইদুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ)










