এনএসআই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে ৫ কোটি ২৯ লাখ টাকার সম্পদ

দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে আবার স্ত্রীর কাছ থেকে দান হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সহকারী পরিচালক মো. আকরাম হোসেন। স্ত্রী সুরাইয়া পারভীন স্বামীর কাছ থেকে নেওয়া ৫৯ লাখ টাকা তার আয়কর নথিতে উল্লেখ করে পরে স্বামীকে উপহার বা দান হিসেবে প্রদান করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ওই দম্পতির পরস্পর যোগসাজসের দুর্নীতির ওই তথ্য-প্রমাণ বেরিয়ে এসেছে।

দুদকের তদন্তে আকরাম হোসেন ও তার স্ত্রী সুরাইয়া পারভীনের ৫ কোটি ২৯ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। আকরাম হোসেনের চাকরির বেতন-ভাতা ও তার স্ত্রীর নামমাত্র ব্যবসার হিসাব কষে দেখা গেছে তাদের নামে থাকা ওই পরিমাণ অর্থ-সম্পদ অস্বাভাবিক।

সুরাইয়া পারভীন নিজেকে মেসার্স স্টার ইলেক্ট্রো ওয়ার্ল্ডের মালিক হিসেবে দুদকে পরিচয় দিয়েছেন। দুদক তদন্ত করে তার নামে ৭৯ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ পেয়েছে। যা তার তার আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে তিনি উপহার বা দান হিসেবে স্বামীকে দিয়েছেন ৫৯ লাখ টাকা।

দুদক সূত্র জানায়, চাকরিরত অবস্থায় এনএসআইর সহকারী পরিচালক মো. আকরাম হোসেন ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তদন্তে তার নামে নামে ৫ কোটি ৮ লাখ ৫৯ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। যা তার বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে আকরাম হোসেন ও স্ত্রী সুরাইয়া পারভীনের বিরুদ্ধে দুদক মামলা করেছিল ২০২৪ সালের ২১ মে। মামলাটি তদন্ত করছেন উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু। তদন্তে তাদের অনিয়ম, দুর্নীতি, অপরাধলব্ধ অর্থ-সম্পদের সব ধরনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে। শিগগির তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে।

-সাইমুন