হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক, এলাকায় সেনা মোতায়েন

হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীর্ঘদিনের বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া।