আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান আলালের

আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সমর্থনে আয়োজিত সমাবেশে আলাল বলেন, তাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন, থাকাই স্বাভাবিক, সবাই তো অপরাধের সঙ্গে যুক্ত না। আমার মনে হয়, যারা ওই রাজনৈতিক দলটির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে, গণবিরোধী কর্মকাণ্ডে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের নেতাকর্মীরা যেন আগ্রাসী না হন। বরং তাদের ব্যাপারে যেন আমাদের নেতাকর্মীরা উদার মনোভাব পোষণ করেন। এই বাংলাদেশে থাকার অধিকার সবার আছে। রাজনীতি করার অধিকার সবার আছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বহুমতকে একসঙ্গে বিকশিত হতে দেওয়া।

নির্বাচনের দিন পোলিং এজেন্টদের ভূমিকা সম্পর্কে মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা যখন হজ পালন করতে যাই, আমাদের মা-বোনদের নিকাব খুলে ছবি তুলতে হয়, হজের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।

 

-মেহেরীন//