“প্রজাতন্ত্র কী কাজ করছে, সরকারের প্রধান কী করছে” সে তথ্য জানার অধিকার সবার আছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভবিষ্যতে প্রেস সেক্রেটারি বা প্রেস উইংয়ে যেই আসবেন, তারা সাংবাদিকদের কাছ থেকে যে তথ্য ও সহযোগিতা পেয়েছেন তার থেকে কোনো অংশই কম হবে না। তিনি বলেন, “এটা যেন ধারাটা বজায় থাকে।”

তিনি বলেন, প্রজাতন্ত্র কী কাজ করছে, সরকারের প্রধান কী কাজ করছে এসব তথ্য জানার সর্বোচ্চ অধিকার সবার আছে। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে এই খবর জনগণের কাছে পৌঁছে দেওয়া, আর সরকারের দায়িত্ব হচ্ছে নিয়মিত ও সঠিকভাবে তথ্য প্রদান করা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা ছিল। এর মধ্যে রয়েছে: বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ খসড়া অনুমোদন, জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬ খসড়া অনুমোদন, কাতার আর্ম ফোর্সেস ও বাংলাদেশ আর্ম ফোর্সেসের মধ্যে ডেপুটেশন সংক্রান্ত ইমপ্লিমেন্টিং অ্যাগ্রিমেন্ট অনুমোদন, বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটির প্রতিবেদন অনুমোদন

শফিকুল আলম বলেন, জাতীয় যোগ্যতা কাঠামো একটি গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো। এর লক্ষ্য হলো শিক্ষার বিভিন্ন ধারা সাধারণ, কারিগরি, মাদ্রাসা শিক্ষা সহ সব স্তরে যোগ্যতার সমন্বয় নিশ্চিত করা। এছাড়া বিভিন্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে সুনির্দিষ্ট পথরেখা তৈরি করে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মক্ষেত্রের গতিধারা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় মৎস্য নীতিমালা-২০২৬ খসড়া নীতিমালা হয়েছে। ১৯৯৮ সালে জাতীয় মৎস্য নীতি প্রণয়ন করা হয়েছিল; সেটিকে প্রতিস্থাপন করে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করা।

-এমইউএম