আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না। প্রথমে ঢাকা–১৮ ও বগুড়া–২ দুই আসনে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও বাস্তবতা বিবেচনায় তিনি ঢাকা–১৮ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।
মাহমুদুর রহমান মান্নার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঢাকা–১৮ একটি বিশাল ও ব্যয়বহুল নির্বাচনী এলাকা। এখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। এত বড় পরিসরে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে আর্থিকভাবে সম্ভব নয়। তাই তিনি ঢাকা–১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন।
তিনি আরও বলেন, “নির্বাচন এতটাই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই কারণে ঢাকা–১৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করেছি।”
মান্না তাঁর সিদ্ধান্তে কারও ক্ষোভ বা আক্ষেপ থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, বর্তমান নির্বাচনী প্রেক্ষাপটে ব্যয় ও সাংগঠনিক সক্ষমতা বড় চ্যালেঞ্জ। তাই এই সিদ্ধান্তকে সেই বাস্তবতার ফল হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন ধরে নির্বাচনী রাজনীতিতে ব্যয় নিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তার এই ঘোষণার পর ঢাকা–১৮ আসনের নির্বাচনী চিত্রে নতুন মাত্রা যোগ হয়েছে।
-বগুড়া প্রতিনিধি










