পুলিশ সদস্যদের পুরোনো দুর্নাম ঘুচানোর আহ্বান এসপির

কুমিল্লার ১১টি আসনে নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৬ হাজার ৩৩৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্সে পুলিশ ও এপিবিএন সদস্যদের ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।

পুলিশ সদস্যদের পুরোনো দুর্নাম ঘুচানোর আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা যেন সবসময় ‘বডিওর্ন ক্যামেরা’ চালু রাখেন এবং যে কোনো অভিযোগ ও অনুযোগের বিষয়ে যেন প্রিসাইডিং অফিসারকে জানান।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে মহড়া দিয়েছে সেনাবাহিনী। গতকাল বিকেলে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেস ক্লাব, ফৌজদারি, পুলিশ লাইনসহ বিভিন্ন সড়কে মহড়া দেওয়া হয়। এর আগে কুমিল্লার বিভিন্ন উপজেলার পৃথক পৃথক কেন্দ্রে সেনাবাহিনী নিরাপত্তা মহড়া দেয়। এসব মহড়ায় কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের ভোট গ্রহণ এবং বাড়িতে ফিরে যাওয়ার নিরাপত্তা, কেন্দ্রের আশপাশের এলাকাগুলো থেকে নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্তি এবং যে কোনো অপ্রীতিকর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার পদ্ধতি অনুশীলন করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিনের সার্বিক নিরাপত্তায় ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র্যা বের ২৪টি মোবাইল টিম, শুধু ভোটকেন্দ্রের জন্য তিন হাজার ৯৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার-ভিডিপি সদস্য কাজ করবেন। এ ছাড়া আজ বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এক হাজার ৪৯১টি ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

-সাইমুন