নারায়ণগঞ্জ-১ আসনের রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা নিয়ে উপজেলা জামায়াত সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
রূপগঞ্জ মুড়াপাড়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী এজেন্ট, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। তিনি জানান, রবিবার রাত দুইটার দিকে উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বাজারের নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে খবর দিলে প্রার্থীর দল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইসরাফিল হোসাইন বলেন, “আগুন দ্রুত নিভানো হওয়ায় কার্যালয়ের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের সামনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার ব্যানার পুড়ে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি। আশা করি উপজেলা প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জামায়াতের দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, উপজেলা পশ্চিম সেক্রেটারি আবু হানিফ ভূইয়া, উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি রূপগঞ্জে সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হোক।
নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ








