নরসিংদী ৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের আরিফ উল ইসলাম মৃধার নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দার পাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত ওই নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনভর ওই এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে রাত ১২টার দিকে কর্মী ও সমর্থকেরা ক্যাম্প ত্যাগ করেন। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ক্যাম্পে প্রবেশ করে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে।
সকালে স্থানীয়রা ভাঙচুরের চিত্র দেখতে পেয়ে বিষয়টি স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধাকে জানালে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিবপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা বলেন, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে এবং ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে।” তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর জানান, “নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরিফুল আলম আশিক,শিবপুর নরসিংদী।








