প্রথমার্ধেই উসমান দেম্বেলের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। বিরতির পর তারা আরও তিনবার জালে বল পাঠায়। মার্সেইকে গোল বন্যায় ভাসিয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরে গেল লুইস এনরিকের দল। রবিবার রাতে নিজেদের মাঠে ৫-০ গোলে জয় পেয়েছে পিএসজি।
দ্বিতীয়ার্ধে ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোলের পর পিএসজির শেষ দুটি গোল করেন বদলি হিসেবে নেমে খেলা খাভিচা কাভারাৎস্খেলিয়া ও লি কাং-ইন।
দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন ২০২৫ সালের ব্যালন ডি’রের বিজেতা ও ফিফা বর্ষসেরা খেলোয়াড় উসমান দেম্বেলে। ৩৭তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।
ডান পাশ থেকে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন দেম্বেলে, সেখানে আরেক খেলোয়াড়কে কাটিয়ে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
৬৪তম মিনিটে নিজেদের জালে গোল করেন মার্সেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
৬২ মিনিটে দিজিরে দুয়ের বদলি হিসেবে নামার মাত্র তিন মিনিট পরই গোল করেন জর্জিয়ার ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়া। ৬৮তম মিনিটে বার্কোলার বদলি হিসেবে নেমে, ৭৪তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লি কাং-ইন।
আগের দিন পিএসজিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল লঁস। টানা সপ্তম জয়ের মাধ্যমে হারানো জায়গা ফিরে পেল পিএসজি।
এখন ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট ৫১। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস, ৪২ পয়েন্ট নিয়ে তিনে লিওঁ এবং ৩৯ পয়েন্ট নিয়ে চারে মার্সেই।
-এমইউএম










